বগুড়ার ধুনটে গ্রেফতারকৃত আট চোরের সঙ্গে দেখা করতে এসে দুইজন গ্রেফতার

বগুড়ার ধুনটে গ্রেফতারকৃত আট চোরের সঙ্গে দেখা করতে এসে দুইজন গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলা সদরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের মাসুদ টেলিকম নামে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির দায়ে গ্রেফতারকৃত আট চোরের সঙ্গে দেখা করতে এসে দুইজন গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেল-কুমিল্লার মুরাদপুর উপজেলার দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোহাম্মাদ মোস্তফা (৪০) ও কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে বাবুল চৌধুরী (৪৮)। আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর রাতে গ্রেফতারকৃত আট চোরের সঙ্গে ধুনট থানায় দেখা করতে এলে পুলিশ তাদের গ্রেফতার করে।

থানা সূত্রে জানা যায়, ধুনট শহরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় মাসুদ টেলিকম নামের একটি দোকানে ৩০ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে চুরির ৩ ঘন্টা পর আট চোরকে গ্রেফতার করে পুলিশ। এসময় ওই দোকান থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মুঠোফোন তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

এ ঘটনায় মাসুদ টেলিকম নামে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মাসুদ রানা বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন-চট্টগ্রাম শহরের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।

তারা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতরা পুলিশ রিমান্ডে থানা হেফাজতে রয়েছে। গ্রেফতারকৃত ওই আট চোরের সঙ্গে ৩০ সেপ্টেম্বর রাতে থানায় দেখা করতে আসেন মোস্তফা ও বাবুল চৌধুরী। এসময় জিজ্ঞাসাবাদের জন্য তাদের গ্রেফতার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মোস্তফা ও বাবুল চৌধুরীকে জিজ্ঞাসাবাদে অন্য আট চোরের সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ কারণে তাদের ৫১ ধারায় কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185918