নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালুর সক্ষমতা যাচাইয়ে ইউজিসি প্রতিনিধি দলের পরিদর্শন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালুর সক্ষমতা যাচাইয়ে ইউজিসি প্রতিনিধি দলের পরিদর্শন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন দুটি বিভাগ চালুর বিষয়ে সক্ষমতা যাচাই করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল ক্যাম্পাস পরিদর্শন করেছে। আজ শুক্রবার (২ অক্টোবর) সকালে আয়োজিত এই পরিদর্শনে নেতৃত্ব দেন ইউজিসির সদস্য ড. মো. আসলাম হোসেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—ইউজিসির অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ) এবং সিনিয়র সহকারী পরিচালক মো. নূর ইসলাম চৌধুরী।

পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য ড. মো. আসলাম হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. ফজলে হুদা বাবুল, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ও সিন্ডিকেট সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. ইকবাল আজিজ খান এবং রাবি ইংরেজি বিভাগের প্রফেসর ড. মমিনুল ইসলাম।

অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আমেনা আক্তার, আইন বিভাগের শিক্ষার্থী তিথি চৌধুরী এবং হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাসিফ আরশাদ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর ঐকান্তিক প্রচেষ্টায় সন্তুষ্টি প্রকাশ করে প্রধান অতিথি ড. মো. আসলাম হোসেন বলেন, “নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বেশ ভালো।

নিজস্ব ভবন না থাকলেও এখানকার অফিস কক্ষ, রিডিং রুম ও শ্রেণিকক্ষগুলো অত্যন্ত পরিপাটি ও সুন্দর। নতুন দুটি বিষয়ে পাঠদানের উপযোগী অবকাঠামো এবং পারিপার্শ্বিক পরিবেশ এখানে বিদ্যমান রয়েছে।” এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে দ্রুত মেডিকেল সেন্টার ও পরিবহন ব্যবস্থা চালুরও আশ্বাস দেন।

সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185916