প্রথমবার প্রিয়দর্শিনী মৌসুমী
অভি মঈনুদ্দীন ঃ এখনো তার নতুন সিনেমার অপেক্ষায় তার কোটি কোটি ভক্ত দর্শক। প্রতিনিয়তই তার ভক্তরা জানতে চান তাদের প্রিয়দর্শিনী মৌসুমী কবে আবার নতুন সিনেমায় অভিনয় করবেন, কবে আবার তারা মৌসুমীকে নতুন করে রূপালী পর্দায় দেখতে পারবেন। কিন্তু তারপরও মৌসুমী ভক্তরা তার পুরোনো সিনেমাগুলোই বারবার দেখছেন। কখনো কখনো মৌসুমীর ভাবাগের কাছে দর্শকও মিলে মিশে একাকার হয়ে যাচ্ছেন। আবার কখনো কখনো মৌসুমীর লিপে কোনো জনপ্রিয় গান দেখে দর্শকও গেয়ে উঠছেন আপন মনে।
এভাবেই দেশে বিদেশে মৌসুমী তার পুরোনা সিনেমাগুলো দিয়ে দর্শকের মনে সেই জায়গা করে নিয়েছিলেন এখনো আছেন তাদের মনে। মৌসুমী বিগত কয়েকবছর যাবত যুক্তরাষ্ট্রেই আছেন। আর আগামী ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। বিষয়টি নিশ্চিত করেছেন শো টাইম’-এর সিইও খাইরুল ইসলাম খোকন ও অনুষ্ঠান উপস্থাপিকা, সমন্বয়কারী শারমিনা সিরাজ সোনিয়া। সোনিয়া এরইমধ্যে আরো নিশ্চিত করেছেন যে এবারই প্রথম ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে থাকছেন প্রিয়দর্শিনী মৌসুমী।
যুক্তরাষ্ট্র থেকে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন,‘ এরইমধ্যে আমি ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ পেয়েছি। আমি অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবো। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করার ইচ্ছে আছে। আর বাকীটা আমি এখনো অবগত নই তারা আসলে আমাকে নিয়ে কী পরিকল্পনা করছে, আছে কী না কোনো বিশেষ সারপ্রাইজ। হয়তো বা আগে থেকেই কোনোকিছু জানাতে চাচ্ছে না। আমি আসলে এর বেশি কিছু জানিনা। আর এরমধ্যে দুদিন আগে আমি আমেরিকা প্রেস ক্লাবের দেড় যুগ পুর্তি অনুষ্ঠানে আমি অংশগ্রহন করেছি। সেখানে আমাকে বিশেষ সম্মাননা দেয়া হলো। গানের শিল্পী শোয়েব ভাইকেও সম্মাননা প্রদান করা হয়েছে। আমার কাছে খুউব ভালোলেগেছে এই অনুষ্ঠানে অংশগ্রহন করে। সাংবাদিকরা সবসময়ই আমার কাছের মানুষ। তাদের ভালোবাসায়, তাদের লেখনীতে সবসময় আমি ভালোবাসার প্রকাশ পেয়েছি। তাদের সহযোগিতা পেয়েছি, সেই কারণেই হয়তো আমি এতোদূর আসতে পেরেছি। আর সাংবাদিকদের অনুষ্ঠানে যেতে আমার সবসময়ই ভীষণ ভালোলাগে।’
উল্লেখ্য, সিনেমাতে মৌসুমীর নাযিকা হিসেবে অভিষেক হয় সোহানুর রহমান সোহান পরিচালিত ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে। এই সিনেমাতে মৌসুমীর নায়ক ছিলেন সালমান শাহ। পরবর্তীতে মৌসুমী-সালমান জুটি হয়ে অন্তরে অন্তরে, স্নেহ ও দেন মোহর’ সিনেমাতে অভিনয় করেন। সবগুলো সিনেমাই ছিলো দর্শকের কাছে ভীষণ প্রিয় সিনেমা। এই সিনেমাগুলো এখনো দর্শক সময় সুযোগ পেলেই দেখার চেষ্টা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185888