বগুড়ায় অবৈধ পার্কিং করায় জরিমানা
শহর প্রতিনিধি : বগুড়া মহানগরে সাতমাথা এলাকায় যানজট নিরসনে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে অভিযান পরিচালনা করেছে সদর ট্রাফিক পুলিশ। অভিযানকালে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে৷ সপ্তপদী মার্কেটের সামনে থেকে শুরু হয়ে কাজী নজরুল সরকের উভয় পাশে সড়কের ওপর যানচলাচলে এবং ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বাধাসৃষ্টিকারীদের সরিয়ে দেওয়া হয়৷
বগুড়া সদর ট্রাফিক বিভাগের ইনচার্জ (টিআই, প্রশাসন) মোঃ সালেকুজ্জামান খান জানান, সড়কে অবৈধভাবে পার্কিংয়ের জন্য সাতমাথা এলাকায় ১টি মোটরসাইকেল মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়৷ সিটি কর্পোরেশনের প্রধান সড়কগুলিতে যানজট নিরসনে এবং ফুটপাতে পথচারীদের অবাধ চলাচল নিশ্চিত করে সদর ট্রাফিক পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়৷
এসময় সিটি কর্পোরেশনের নিয়োগকৃত ৫জন স্বেচ্ছাসেবক ও সদর ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185817