চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
এশিয়ান গেমসের পুরুষ হকিতে চীনের কাছে বড় হারের তেঁতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
চীনের হয়ে গোল করেছেন ঝাং জিয়ালিং, ঝাও ইউলাই, চেন বেনহাই, ওয়াং ইয়াকি ও গাও জিয়েশেং। গোলের ব্যবধান বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণও পুরোপুরি চলে যায় চীনের হাতে।
বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন রাকিবুল হাসান। ম্যাচের ৩০তম মিনিটে ফিল্ড গোল করে কেবল ব্যবধান কমান। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই হারে টুর্নামেন্টে পঞ্চম কিংবা ষষ্ঠ হওয়ার সুযোগও শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হবে ম্যাচটি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185771