প্রাক্তনকে পুরোপুরি ভুলে যেতে সময় লাগে ৮ বছর 

প্রাক্তনকে পুরোপুরি ভুলে যেতে সময় লাগে ৮ বছর 

লাইফস্টাইল ডেস্ক : সম্পর্ক ভেঙে যাওয়ার পর ভালোবাসার মানুষটিকে কি শতভাগ ভুলে যাওয়া সম্ভব? বিচ্ছেদের পর প্রাক্তন সঙ্গীর স্মৃতি মন থেকে পুরোপুরি মুছে ফেলতে কত সময় লাগে? এসব যুগান্তকারী প্রশ্নের উত্তর খুঁজতে সাম্প্রতিক একটি গবেষণা পরিচালিত হয়েছে। সামাজিক ও ব্যক্তিত্ববিষয়ক গবেষণার বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স’-এ প্রকাশিত এক গবেষণা নিবন্ধে উঠে এসেছে বিচ্ছেদ-পরবর্তী মানসিক অনুভূতির এসব তথ্য।


ইলিনয় বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিভাগের গবেষক জিয়া ওয়াই চং এবং আর. ক্রিস ফ্রালে ৩২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর সম্প্রতি এই গবেষণাটি চালান। এতে অংশ নেওয়াদের সম্পর্কের গড় স্থায়িত্ব ছিল ৪.৬ বছর এবং গড়ে প্রায় ৫ বছর আগে তাদের বিচ্ছেদ ঘটেছিল।

গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের প্রাক্তন সঙ্গীর প্রতি আবেগীয় টান, নিরাপত্তা অনুভূতি এবং ভাবাবেগ পরিমাপ করা হয়। পাশাপাশি তুলনা করার জন্য একজন সম্পূর্ণ অপরিচিত মানুষের প্রতি তাদের মানসিক অবস্থা কেমন থাকে, তাও পর্যালোচনা করেন গবেষকেরা।


কী উঠে এসেছে গবেষণায়?

বিরহে থাকাদের জন্য আশার কথা হলো, পরিসংখ্যানগত মডেলে দেখা গেছে, সময়ের সঙ্গে প্রাক্তনের প্রতি মানসিক টান একসময় শূন্যের কোঠায় নেমে আসে। অর্থাৎ, একটা সময়ে গিয়ে অধিকাংশ মানুষই আর প্রাক্তনের প্রতি এমন কোনো দুর্বলতা অনুভব করেন না। 

তবে প্রাক্তনকে পুরোপুরি ভুলে যাওয়া বেশ সময়সাপেক্ষ। গবেষণায় দেখা যায়, বিচ্ছেদের পর প্রাক্তনের প্রতি ভালোবাসার বা অনুভূতির বন্ধন অর্ধেকটা (৫০ শতাংশ) কমিয়ে আনতে সময় লেগে যায় প্রায় ৪.১৮ বছর! অর্থাৎ, গড় হিসাবে আবেগ পুরোপুরি শূন্য হতে সময় লাগতে পারে অন্তত ৮ বছর।


যদিও গড়ে ৮ বছরের কথা বলা হচ্ছে, মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এই সময় ভিন্ন হতে পারে। গবেষকরা দেখেছেন, কিছু মানুষের ক্ষেত্রে বহু বছর পর হলেও প্রাক্তনের প্রতি মানসিক টান একজন অচেনা মানুষের চেয়েও বেশি রয়ে যায়। সহজ কথায়, কিছু মানুষ কখনোই প্রাক্তনকে পুরোপুরি ভুলতে পারেন না।

আশ্চর্যের বিষয় হলো, গবেষকেরা দেখেছেন— বিচ্ছেদের পর নতুন কোনো সম্পর্কে জড়ানো কিংবা লিঙ্গভেদ (পুরুষ নাকি নারী) প্রাক্তনকে ভুলে যাওয়ার গতি বাড়িয়ে বা কমিয়ে দেয় না।

তবে যা সবচেয়ে বড় ভূমিকা পালন করে তা হলো—প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখা।


যারা বিচ্ছেদের পরও প্রাক্তনের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন, তাদের ক্ষেত্রে এই বন্ধন দীর্ঘস্থায়ী রূপ নেয়। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185763