এমএলএসের মাসসেরা হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাস

এমএলএসের মাসসেরা হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাস

স্পোর্টস ডেস্ক : মাত্র ১৭ বছর বয়সেই মেজর লিগ সকারের (এমএলএস) মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান। সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় হিসেবে বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ মিডফিল্ডারের নাম ঘোষণা করা হয়। পুরস্কার জয়ের সময় তার বয়স ছিল ১৭ বছর ২ দিন।

এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাসসেরা খেলোয়াড় হওয়ার রেকর্ড এখন কাভানের। এর আগে ২০২০ সালের আগস্টে অরল্যান্ডো সিটির ড্যারিল ডাইক ২০ বছর ৯৮ দিন বয়সে এই পুরস্কার জিতেছিলেন।

সেপ্টেম্বরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন কাভান। তার দল ফিলাডেলফিয়া ইউনিয়ন মাসে খেলা পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে। দলের এই সাফল্যে বড় অবদান ছিল কাভানের। মাসটিতে তার গোল-অবদান ছিল ৯টি, যা ওই সময়ে এমএলএসে সর্বোচ্চ।

সেপ্টেম্বরে পাঁচটি অ্যাসিস্ট করেছেন কাভান। এই পরিসংখ্যানে মাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতাদের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। পাশাপাশি চার গোল করে মাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে তৃতীয় অবস্থানে ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185758