ক্লাসরুমে ঢুকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে আছাড়, অভিভাবক আটক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও একাধিকবার আছাড় দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীর অভিভাবককে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম নাহিদ শেখ (৩৫)। তিনি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির শ্রেণিকক্ষে অবস্থান করছিল। আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। এ নিয়ে নিজের ছেলে আতিকুর রহমানকে মারধরের সন্দেহে তার বাবা নাহিদ শেখ বৃহস্পতিবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে। পরে তিনি একই শ্রেণির শিক্ষার্থী হাবিবকে ধরে শ্রেণিকক্ষের ভেতর তিনবার আছাড় দেন।
এ সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিদ্যালয়ের শিক্ষকরা সেখানে ছুটে আসেন। পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে তার কক্ষে নিয়ে যান এবং ঘটনাটি পুলিশকে জানান।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। এ নিয়ে একজন শিক্ষার্থীর অভিভাবক অন্য শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ঢুকে মারধর করেছেন। বিষয়টি প্রধান শিক্ষকের কাছে জানিয়ে সমাধানের চেষ্টা না করে এভাবে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর করা ঠিক হয়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত অভিভাবককে আটক করে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185756