বাংলাদেশের এসআর গ্রুপের সাথে তিনটি বড় গ্লোবাল কোম্পানির ১০০ কোটি টাকার যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষর
বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী এসআর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SR Chemical Industries Ltd.) এবং চীনের পুয়াং ক্লিনওয়ে কেমিক্যাল লিমিটেড (Puyang Cleanway Chemicals Ltd.), কানাডার কিংস প্যাসিফিক এন্টারপ্রাইজ লিমিটেড (Kings Pacific Enterprises Ltd.) ও জার্মানির স্টেইনবাক ক্লোরিন জিএমবিএইচ (Steinbach Chlorine GmbH)-এর মধ্যে প্রায় ১০০ কোটি টাকার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই যৌথ বিনিয়োগের আওতায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আধুনিক টিসিসিএ (Trichloroisocyanuric Acid—TCCA) উৎপাদন কারখানা। যৌথ উদ্যোগ প্রতিষ্ঠান এসআর প্যাসিফিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SR Pacific Chemical Industries Ltd.) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পের আওতায় এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদিত ক্লোরিন কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে। উৎপাদিত টিসিসিএ (TCCA)-এর শতভাগ বিদেশে রপ্তানির লক্ষ্যে কারখানাটি স্থাপন করা হচ্ছে।
ইতোমধ্যে প্রকল্পের কারখানা স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে বাণিজ্যিক উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি চীনের বেইজিং এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ রব্বানী এবং পুয়াং কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শিনকে ওয়াং (XINKE WANG) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে এসআর গ্রুপের চিফ স্ট্রেটেজিক এডভাইজার মেহবুব চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই যৌথ বিনিয়োগ বাংলাদেশের রাসায়নিক শিল্পে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের পাশাপাশি প্রযুক্তি ও দক্ষতা বিনিময়, রপ্তানি বহুমুখীকরণ এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে নতুন সুযোগ তৈরি করবে।
একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামালের ব্যবহার বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রাসায়নিক পণ্য রপ্তানির মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185752