মানিকগঞ্জে পুকুরের পানিতে ডুবে কিশোরীর মৃত্যু
মানিকগঞ্জের হরিরামপুরে পুকুরের পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আনিসা আক্তার (১৩)। সে ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা কক্সবাজারে একটি হোটেলে চাকরি করেন।
আনিসা কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করত বলে জানিয়েছেন তার ফুপু পারভীন আক্তার।
পারভীন আক্তার বলেন, মা অসুস্থ হওয়ায় ভাবির সঙ্গে কক্সবাজার থেকে ২ দিন আগে হরিরামপুরে আসেন। বৃহস্পতিবার সকালে তার ভাতিজি হাঁটতে হাঁটতে সট্টি নতুন ব্রিজ কুমপাড় এলাকায় পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তার ভাতিজির সঙ্গে থাকা ছোট্ট শিশু বাড়িতে গিয়ে আনিসা পানিতে ডুবে গেছে বলে জানায়। তবে কী কারণে বা কীভাবে পানিতে পড়ে মারা যায়, সে বিষয়ে কেউ কিছুই বলতে পারেননি।
নিহতের চাচা জাহিদুর রহমান বলেন, খবর পেয়ে আনিসাকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করি। পরে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার প্রীতম দে বলেন, আনিসাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, খোঁজ নেওয়ার জন্য উপজেলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185743