ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী এসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। জেলার উত্তরের সীমান্তবর্তী জনপদ পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী সদর হাসপাতাল মোড় এসে পৌঁছায়। এসময় সড়কজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মী স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে পরশুরাম উপজেলার সুবার বাজার সড়কের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় যাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রী পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন। সেখানে কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে সেখানে বিশ্রাম নেবেন তিনি। বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে ফেনী ত্যাগ করবেন। রাত ৯টায় প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185731