বরিশালে শিক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

বরিশালে শিক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

বরিশালের গৌরনদীতে ছাত্রীদের উত্যক্ত, শিক্ষার্থীকে মারধর ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে লিপন শরীফ (৪৪) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত লিপন উপজেলার নাঠৈ গ্রামের বাদশা শরীফের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান জানান, লিপন স্কুলগামী ছাত্রীদের শ্লীলতাহানিমূলক কথা বলে উত্যক্ত করতেন। এ ছাড়া গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে ঢুকে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করে কান ধরে উঠবস করান তিনি। এ ঘটনার প্রতিবাদ করলে শিক্ষকদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বুধবার দুপুরে লিপন আবারও বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে। খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান। পরে লিপনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড কার্যকরের জন্য তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
থানা হাজতে লিপন শরীফ দাবি করেন, প্রায়ই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে এলাকায় ঘোরাফেরা করত। বিষয়টি শিক্ষকদের জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। লিপনের ভাষ্য, মানবিক দিক বিবেচনা করে নিজের সন্তানের মতো ভেবে শিক্ষার্থীদের শাসন করতে গিয়ে শেষ পর্যন্ত তাকেই দণ্ডিত হতে হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185632