চাঁদপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবহারে ১১ জেলের কারাদণ্ড
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ সীমানায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে তিনটি নৌকা ও দুই হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। এ সময় কারেন্ট জাল ব্যবহারের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ সীমানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বরকত উল্লাহ সাতজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন। অপর চারজনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ সদর নৌ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, জব্দ করা নৌকা ও কারেন্ট জাল নৌ পুলিশের হেফাজতে রয়েছে।