শাহজালাল থেকে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের (এ-শিফট) কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। এসময় দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী রোমান মিকাইলভ গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার সব ব্যাগেজ স্ক্যান করা হয়। পরে তল্লাশি করে ৭৮ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়।
এনবিআর জানায়, যাত্রী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ রুলস অনুযায়ী তাকে ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির অনুমতি দেওয়া হয়। বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়।
অন্যদিকে, গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে অন্য একটি ফ্লাইটে আসা যাত্রী সামিউল ইসলাম গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার ব্যাগেজ স্ক্যান করা হয়। এ সময় আরো ৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায় এবং তা আটক করা হয়। দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দ মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185581