দাবায় ইতিহাস গড়ল ১১ বছরের বোধানা

দাবায় ইতিহাস গড়ল ১১ বছরের বোধানা

স্পোর্টস ডেস্ক : মাত্র ১১ বছর বয়সেই দাবার ইতিহাসে নাম লিখিয়েছে ইংল্যান্ডের বোধানা শিবানন্দন। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নারী গ্র্যান্ডমাস্টার (ডব্লিউজিএম) খেতাব অর্জন করেছে উত্তর-পশ্চিম লন্ডনের এই দাবাড়ু।

উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত ৪৬তম দাবা অলিম্পিয়াডে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর এই কীর্তি গড়ে বোধানা। রোববার শেষ হয়েছে প্রতিযোগিতাটি।

 

নারী গ্র্যান্ডমাস্টার দাবায় নারীদের জন্য নির্ধারিত সর্বোচ্চ খেতাব। এত অল্প বয়সে এর আগে কেউ এই স্বীকৃতি পায়নি।

 

ফিদের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বোধানা বলেছে, “এটা করতে পেরে আমি খুশি। তবে এখানেই থামতে চাই না, সামনে আরও ইতিহাস গড়তে চাই।”

অলিম্পিয়াডে এবার ইংল্যান্ডের প্রথম বোর্ডে খেলেছে সে। এত বড় মঞ্চে চাপ অনুভব করেছে কি না, এমন প্রশ্নে তার জবাব, “আসলে না। আমি শুধু খেলাটা উপভোগ করার চেষ্টা করেছি।”

এটি ছিল বোধানার দ্বিতীয় দাবা অলিম্পিয়াড। তার ভাষায়, আগেরবারের সঙ্গে অভিজ্ঞতা অনেকটাই একই ছিল, শুধু এবার খেলেছে ভিন্ন বোর্ডে।

অল্প বয়সেই একের পর এক রেকর্ড গড়েছে বোধানা। এর আগে ব্রিটেনের সর্বকনিষ্ঠ নারী দাবা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি যেকোনো খেলায় ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও হয়েছিল সে।

গত বছরের আগস্টে আরেকটি বড় রেকর্ড গড়ে বোধানা। মাত্র ১০ বছর ৫ মাস ৩ দিন বয়সে ৬০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার পিট ওয়েলসকে হারিয়ে কোনো গ্র্যান্ডমাস্টারকে হারানো সর্বকনিষ্ঠ নারী দাবাড়ু হয় সে।

এর আগে রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের ক্যারিসা ইপের। ২০১৯ সালে ১০ বছর ১১ মাস ২০ দিন বয়সে একজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছিলেন তিনি

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185554