স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: স্বামীর মৃত্যুর শোক যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না ৮০ বছরের নিত্য বালা অধিকারী। দীর্ঘ দাম্পত্য জীবনের সঙ্গী ৮৫ বছর বয়সী হরেন্দ্র বর্মন অধিকারীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তিনি। সারারাত স্বামীর মরদেহের পাশে বসে কেঁদেছেন। কিন্তু ভোর হওয়ার আগেই ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা। স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান নিত্য বালা। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও পাঁচঘরিয়াপাড়া এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮৫ বছর বয়সী হরেন্দ্র বর্মন অধিকারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর খবর যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না স্ত্রী নিত্য বালা অধিকারী। বয়সের ভারে দুজনই নুয়ে পড়লেও একে অপরের সঙ্গেই কাটিয়েছেন জীবনের শেষ সময়গুলো। তাই স্বামীর মৃত্যু নিত্য বালার কাছে যেন অসহনীয় হয়ে ওঠে।
পরিবারের সদস্যরা জানান, ভোরে বাড়ির লোকজন যখন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, তখন নিত্য বালাকে আর ঘরে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির সামনের রেললাইনের দিকে খোঁজ করা হয়। ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে রেললাইনের ওপর তার নিথর মরদেহ পাওয়া যায়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী পাশাপাশি দুটি চিতায় তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।
স্থানীয়রা জানান, হরেন্দ্র ও নিত্য বালার দীর্ঘ দাম্পত্য জীবনের গল্পে ছিল পরস্পরের প্রতি গভীর টান ও নির্ভরতা। জীবনের শেষ প্রান্তে এসে স্বামীর মৃত্যুর পর স্ত্রীর এমন করুণ পরিণতি সেই সম্পর্কের প্রতি তার গভীর আবেগেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন তারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185495