সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: অন্যতম আসামি মিজানুর গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: অন্যতম আসামি মিজানুর গ্রেফতার

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খাঁন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় মিজানুর রহমান এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। গত ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করা হয়।

তিনি জানান, মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর ও লুটপাট শুরু হয়। চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায় বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

ওই রাতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185448