বগুড়া বার সমিতির সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে তিন আইনজীবীকে শোকজ
স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সিদ্ধান্ত অমান্য করে বিচারিক কার্যক্রমে অংশ নেয়ার অভিযোগে তিন আইনজীবীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাদের বিরুদ্ধে বার সমিতির সিদ্ধান্ত লঙ্ঘন ও অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ আনা হয়েছে। নোটিশে আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। শোকজ পাওয়া তিন আইনজীবী হলেন-এড. রবিউল ইসলাম রুবেল, এড. গোলাম মোস্তফা (মজনু) ও এড. মো. আব্দুল ওহাব।
বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত ২৮ সেপ্টেম্বরের পৃথক নোটিশে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর বার সমিতির সাধারণ সভায় বগুড়ার জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের আদালত বর্জন এবং ওই আদালতে মামলা শুনানি থেকে বিরত থাকার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। তবে ওই সিদ্ধান্ত অমান্য করে ২৩ সেপ্টেম্বর ফৌজদারি মিস মামলায় জজ আদালতের এজলাসে শুনানিতে অংশ নেন অভিযুক্ত আইনজীবীরা। এ কারণে তাদের শোকজ করা হলো।
নোটিশে আরও বলা হয়, সিদ্ধান্তের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার পরও এড. গোলাম মোস্তফা (মজনু) সাধারণ সম্পাদকের সঙ্গে মারমুখী ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। সাধারণ সভার সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে কেন তাদের সদস্যপদ বাতিল করা হবে না, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তার উপযুক্ত কারণ দর্শাতে বলা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185429