পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির অধিক ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সেখানে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। অভিযানে এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ককটেল ও পেট্রোল বোমা নিষ্ক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185417
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান।
এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে ওই ঘটনায় মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকা থেকে ৪ জনকে আটক করে পুলিশ।
সম্প্রতি রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীসহ বেশকিছু স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়াও বেশকিছু বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পৃথক এসব ঘটনায় ঢাকার প্রবেশপথসহ রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।