সিরাজগঞ্জের তাড়াশে দেড় কিলোমিটার আঞ্চলিক রাস্তা সংস্কার না হওয়ায় দুর্ভোগ

সিরাজগঞ্জের তাড়াশে দেড় কিলোমিটার আঞ্চলিক রাস্তা সংস্কার না হওয়ায় দুর্ভোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের শিলংদহ গ্রাম থেকে গুড়মা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি সংস্কার না হওয়ায় ৩টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম বিপাকে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ওই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জানা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের শিলংদহ গ্রাম থেকে গুড়মা গ্রামের দিঘীর বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

বিকল্প কোনো পথের ব্যবস্থা না থাকায় হাঁটু সমান কাদা মাড়িয়েই চলাচল করতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রী, বৃদ্ধসহ সব শ্রেণি পেশার মানুষকে। সারা বছরের প্রায় ৫-৬ মাস ভোগান্তির শিকার হতে হয় গ্রামবাসীর। বিশেষ করে বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে চলতে গিয়ে সীমাহীন কষ্ট পোহাতে হয় তাদের। মোটরসাইকেল, সাইকেলে তো দূরে থাক, খালি পায়ে হেঁটে চলাচল করাও দায়।

বৃষ্টির দিনে গ্রামের কেউ অসুস্থ হলে যানবাহন ও অ্যাম্বুলেন্সও এখানে ঢুকতে পারে না, কেউ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে কাধে করে কর্দমাক্ত রাস্তা পার করা হয়। স্থানীয় বাসিন্দা মো. মজিবুর রহমান, মো: চান মিয়া আক্ষেপ করে বলেন, আমাদের ভোগান্তির কথা বলে বোঝানো যাবে না, নিজ চোখে দেখতে হবে। আমরা ঠিকমতো হাট-বাজারে যেতে পারি না।

পর্যাপ্ত উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বিক্রি করতে পারি না। অধিক টাকায় মহিষের গাড়ি ভাড়া করে ধান বিক্রি করতে হয়। আমাদের ছেলেমেয়েরা কষ্ট করে স্কুল-কলেজে যায়। জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিয়েও কোনো ফল হয়নি।

এ বিষয়ে তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, এই রাস্তাটির কাগজপত্র ঢাকা অফিসে দেয়া আছে, আগামীতে বরাদ্দ এলে আমরা অবশ্যই রাস্তাটি সংস্কার করার চেষ্টা করব।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185414