দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, দাবি অপারেটরদের
দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন এলপি গ্যাসের অপারেটররা। আমদানি ও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও জানান তারা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বলেন অপারেটররা।
এলপিজি আমদানির পরিমাণ, মজুদ ও সরবরাহ পরিস্থিতি, বাজার দর এবং আনুষঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সভায় দেশের এলপিজি খাতের সার্বিক চিত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। আগস্টে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এবং চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। প্রদর্শিত উপাত্ত অনুযায়ী, দেশে এলপিজির জোগান ও মজুদ পরিস্থিতি ভালো। সুতরাং বর্তমানে এলপি গ্যাসের কোনো ধরনের সংকট নেই বলে সভায় জানান এলপিজি আমদানিকারক ও অপারেটররা।
জ্বালানি মন্ত্রী বলেন, এলপিজির পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকপর্যায়ে যেন সরবরাহ ঘাটতি না হয়, অসৎ উদ্দেশ্যে কেউ যেন মজুদদারি করে জনদুর্ভোগ সৃষ্টি না করে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অপারেটররা মন্ত্রীকে তাদের দিক থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন।
এ ছাড়া মন্ত্রী অপারেটরদের ব্যবসা পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা শোনেন এবং সেগুলো দ্রুত সমাধান করার জন্য জ্বালানি বিভাগকে নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী বলেন, এলপি গ্যাস আমদানির ক্ষেত্রে সব বাধা অপসারণে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে। মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে মন্ত্রী সভায় আশ্বস্ত করেন। মন্ত্রী দেশে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185413