বগুড়ার দুপচাঁচিয়ার সিংড়া-ভাটাহার গ্রামের কাঁচাসড়কে জনদুর্ভোগ

বগুড়ার দুপচাঁচিয়ার সিংড়া-ভাটাহার গ্রামের কাঁচাসড়কে জনদুর্ভোগ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিংড়া-ভাটাহার গ্রামের কাঁচা সড়কে বেহাল দশা তৈরি হয়েছে। গ্রামের প্রায় ১ কিলোমিটারের বেশি মাটির কাঁচাসড়কটির ওপর দিয়ে যানবাহনসহ স্কুলের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এক পশলা বৃষ্টি নামলেই মাটির সড়কটিতে কর্দমাক্ত অবস্থার সৃষ্টি হচ্ছে, ফলে বাড়ছে জনদুর্ভোগ।

উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার পশ্চিম-উত্তরে গুনাহার ইউনিয়নের ভাটাহার গ্রাম অবস্থিত। এই ভাটাহার গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র। তারা অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে জীবন-জিবীকা নির্বাহ করে থাকেন।

তাদের চলাচলের একমাত্র পথ সিংড়া-ভাটাহার মাটির এক কিলোমিটার এই সড়ক। মাটির এই সড়কের অনেকটা স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় এক পশলা বৃষ্টি নামলেই গর্তগুলো পানিতে ভরে থাকছে এবং সম্পূর্ণ সড়ক কর্দমাক্ত অবস্থায় পরিণত হয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভাটাহার গ্রামের আব্দুর রহিম, আজাদ প্রামানিক, সাদেক আলী, ইমাম ফকির, দুদু ফকিরসহ অনেকেই জানান, মাটির সড়কটি দিয়ে তাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগের সীমা থাকে না। সড়কটি দ্রুত পাকাকরণের জন্য স্থানীয় চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছেন।

চেয়ারম্যান সাখওয়াত হোসেন মল্লিক বলেন, সড়কটি পাকা করা জরুরি। সড়কটি পাকাকরণের জন্য তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীর সাথে একাধিকবার যোগাযোগ করেছেন।

উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন জানান, সড়কটির গুরুত্ব বিবেচনা করে সড়কটি পাকা করনের জন্য স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার প্রদান করা হয়েছে। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বৃহত্তর বগুড়া প্রকল্পে সড়কটি পাকাকরণের জন্য একটি স্কিম তৈরি করে তা অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185387