উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিন আজ

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক : আজ কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯৭তম জন্মবার্ষিকী। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন উপমহাদেশের সংগীতজগতের অন্যতম প্রভাবশালী এই শিল্পী।

বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের হাত ধরেই ছোটবেলা থেকে সংগীতের সঙ্গে পরিচয় লতার। তার বাবা ছিলেন শাস্ত্রীয় সংগীতশিল্পী ও মঞ্চ অভিনেতা। ১৯৪২ সালে বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব সামলাতে গানকে পেশা হিসেবে বেছে নেন তিনি।

চলচ্চিত্রে বড় সুযোগ আসে ১৯৪৮ সালে ‘মজবুর’ সিনেমার ‘দিল মেরা তোড়া’ গান দিয়ে।

পরের বছর ‘মহল’ সিনেমার ‘আয়েগা আনেওয়ালা’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর কয়েক দশক ধরে হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি মারাঠি, বাংলা ও অন্যান্য ভাষায় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন তিনি।

দীর্ঘ সংগীতজীবনে লতা মঙ্গেশকর পেয়েছেন ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন। এ ছাড়া পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন এই শিল্পী।

তাঁর সঙ্গীতজীবনের স্বীকৃতি হিসেবে পরবর্তীতে তাঁর নামে পুরস্কারও চালু হয়। মধ্যপ্রদেশ সরকার ১৯৮৪ সালে এবং মহারাষ্ট্র সরকার ১৯৯২ সালে লতা মঙ্গেশকরের নামে পুরস্কার প্রবর্তন করে।

২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের একটি হাসপাতালে ৯২ বছর বয়সে মারা যান লতা মঙ্গেশকর। রাষ্ট্রীয় মর্যাদায় শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

সংগীতের জগতে কয়েক দশকের দীর্ঘ পথচলায় অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে ভারতীয় উপমহাদেশের সংগীত ইতিহাসে নিজের অনন্য জায়গা তৈরি করে গেছেন লতা মঙ্গেশকর।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185361