আরও একটি বিশ্বকাপ জয় স্পেনের
স্পোর্টস ডেস্ক : গত জুলাইয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের তিন মাসের মধ্যেই নারী ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল স্পেন। পোল্যান্ডের লোধে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে স্প্যানিশ মেয়েরা।
নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন। স্পেনের জয়ের মূল নায়িকা ছিলেন গোলরক্ষক লায়া লোপেস, যিনি শুটআউটে উত্তর কোরিয়ার চোই ইয়োন-আ এবং প্যাক ইল-সিমের শট রুখে দিয়ে দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।
এই ফাইনালটি ছিল এই টুর্নামেন্টের শেষ দুইবারের চ্যাম্পিয়নদের লড়াই। এর আগে ২০২২ সালে প্রথমবার এই শিরোপা জিতেছিল স্পেন, আর দুই বছর আগে মুকুট পরেছিল উত্তর কোরিয়া। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা উত্তর কোরিয়া ফাইনালে হেরে গেলেও ফাইনালে টাইব্রেকারের আগে একটি গোলও হজম করেনি। গত এক দশকে নারী ফুটবলে স্পেনের সাফল্য অবিশ্বাস্য। এই সময়ের মধ্যে তারা দুটি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, দুটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং সিনিয়র নারী দলের হয়ে বিশ্বকাপের সোনালী ট্রফি নিজেদের শোকেসে তুলেছে। পুরুষ ফুটবলেও লুইস দে লা ফুয়েন্তের দল বর্তমানে বিশ্ব ও ইউরোপের সেরা দল হিসেবে রাজত্ব করছে। সব মিলিয়ে মাঠের ফুটবলে স্প্যানিশদের এই সার্বিক আধিপত্য বিশ্ব ফুটবলকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185347