খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

মফস্বল ডেস্ক : খুলনায় বাপ্পি ওরফে কলম বাপ্পি নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ এলাকার বিপ্লব পালের ঘের থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবক উপজেলার আলাইপুর এলাকার আকবর আলীর ছেলে। 

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুখ জানান, ভোর সাড়ে ৬টার দিকে জাতীয় জরুরি সেবার মাধ্যমে সংবাদ পাই। পুলিশ সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করে। তার ঘাড়ের ডান পাশের কাঁধে দুটি গুলির চিহ্ন এবং কপাল ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সবুর বলেন, বাপ্পির বাড়ি আলাইপুরে হলেও তার কোনো স্থায়ী ঠিকানা নেই। তার পূর্বের ইতিহাস ভালো না। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছি। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185336