রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪৪ জন গ্রেফতার

রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪৪ জন গ্রেফতার

রংপুর প্রতিনিধি : অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে রংপুর রেঞ্জের আওতাধীন ৮ জেলায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িতসহ মোট ১৪৪ জনকে গ্রেফতার করেছে রংপুর রেঞ্জের বিভিন্ন ইউনিট। অভিযানে ৩৫৬ পিস ইয়াবা, ৪৩৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩০ বোতল ইসকাফ ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসময় গাইবান্ধায় একজন অপহৃতকে উদ্ধার করা হয়েছে।

ডিআইজি রংপুর অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রামে ২০ জন, ঠাকুরগাঁওয়ে ১৮ জন, নীলফামারীতে ১৮ জন, লালমনিরহাটে ২৩ জন, দিনাজপুরে ২৮ জন, পঞ্চগড়ে ৭ জন, রংপুরে ১৪ জন এবং গাইবান্ধায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ জানান, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশকে অপরাধীদের বিরুদ্ধে নজরদারি বৃদ্ধি, তথ্য আদান-প্রদান এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185326