বগুড়ায় জেলাপ্রশাসকের নিকট জুলাই যোদ্ধাদের স্মারকলিপি 

বগুড়ায় জেলাপ্রশাসকের নিকট জুলাই যোদ্ধাদের স্মারকলিপি 

শহর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের এমআইএস (তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি) অন্তর্ভুক্তি ও গেজেট প্রকাশের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকার অভিযোগ তুলে বগুড়ায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে ‘তারুণ্যের জুলাই ফাউন্ডেশন’।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবাউল করিম জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সংগঠনের চেয়ারম্যান মো. সাগর উদ্দীন স্বাক্ষরিত স্মারকলিপিটির সাথে সংগঠনের পক্ষ থেকে গণস্বাক্ষর সংবলিত তালিকা এবং জুলাই যোদ্ধাদের আবেদন তালিকার কপি সংযুক্তি হিসেবে জমা দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, যাচাই-বাছাই ও গেজেটভুক্তির কার্যক্রম চলমান থাকলেও অনেক আবেদন দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন অবস্থায় পড়ে থাকায় সংশ্লিষ্ট জুলাই যোদ্ধারা সরকারি স্বীকৃতি ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় দুই বছর ধরে ঝুলে থাকা আবেদনগুলোর দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে।

প্রায় দুই বছর ধরে অসম্পূর্ণ থাকা এমআইএস অন্তর্ভুক্তির কার্যক্রম সর্বোচ্চ সাত কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা, এমআইএসভুক্ত ও যাচাই-বাছাই সম্পন্ন জুলাই যোদ্ধাদের গেজেট প্রকাশ ত্বরান্বিত করা, জেলা প্রশাসকের কার্যালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আটকে থাকা আবেদন ও ফাইলের বর্তমান অবস্থা চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া, কোনো আবেদন অসম্পূর্ণ থাকলে তা আবেদনকারীকে লিখিতভাবে জানানো এবং যাচাই-বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185324