বগুড়ার শাজাহানপুরে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়ার শাজাহানপুরে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শাজাহানপুরে ঘাষিড়া এ.ইউ দাখিল মাদ্রাসার সহকারি সুপার মহসিন আলীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, পূর্বের জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী কায়দায় গত শুক্রবার জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইয়াকুব আলী সুজনের নেতৃত্বে একদল সন্ত্রাসী হাতুড়ি দিয়ে সহকারি সুপার মহসিন আলীকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং একটি পা ভেঙে যায়।

পরে তাকে নিজ বাড়িতে আটকে রাখারও অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ইয়াকুব আলী সুজনের নেতৃত্বে এর আগেও শিক্ষক মহসিন আলীর বাড়িঘর ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ রয়েছে।

মানববন্ধন চলাকালে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরে যান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185315