ইলেকট্রিক ভেহিক্যাল অর্থায়নে মিডল্যান্ড ব্যাংক ও আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইলেকট্রিক ভেহিক্যাল অর্থায়নে মিডল্যান্ড ব্যাংক ও আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) এবং আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড (AREAL)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের লক্ষ্য হলো ইলেকট্রিক ভেহিক্যাল (EV) ক্রয়ে অর্থায়ন সহজতর করা এবং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা।

গত ২৩ সেপ্টেম্বর ২০২৬, ঢাকায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন এবং আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) সাঈদ জয়নুল আবেদিন।

চুক্তির আওতায়, AREAL থেকে সরাসরি ইলেকট্রিক ভেহিক্যাল ক্রয়কারী গ্রাহকরা মিডল্যান্ড ব্যাংক থেকে বিশেষ অটো ফাইন্যান্সিং সুবিধা পাবেন। ব্যাংকের প্রচলিত নীতিমালা ও নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান সাপেক্ষে এসব সুবিধার মধ্যে থাকবে বিশেষ সুদের হার এবং কম ঋণ প্রক্রিয়াকরণ ফি। পাশাপাশি, মিডল্যান্ড ব্যাংকের যোগ্য ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডধারী, প্রায়োরিটি ক্লায়েন্ট এবং কর্মীরা AREAL-এর আউটলেটগুলো থেকে নতুন অথবা রিকন্ডিশন্ড গাড়ি ক্রয়ে বিশেষ মূল্যছাড় উপভোগ করতে পারবেন।

এই অংশীদারিত্বের আওতায় ইলেকট্রিক ভেহিক্যাল ক্রেতাদের জন্য দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ ব্যবস্থাও চালু করা হবে। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে ঋণের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক ইভি অর্থায়নে বিশেষ সহায়তা প্রদান করবে। AREAL-এর মাধ্যমে রেফার করা গ্রাহকদের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়া করা হবে এবং একজন নির্ধারিত রিলেশনশিপ ম্যানেজার পুরো অর্থায়ন প্রক্রিয়া সমন্বয় করবেন। এছাড়া, এই সহযোগিতার আওতায় প্রোডাক্ট গ্যালারিতে ফাইন্যান্সিং প্রি-স্ক্রিনিং এবং কিউআর কোডভিত্তিক আবেদন সুবিধার মতো ডিজিটাল উদ্যোগও অন্তর্ভুক্ত থাকবে।

উভয় প্রতিষ্ঠান যৌথভাবে প্রচারণা ও গ্রাহক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। এসব কার্যক্রমে ইলেকট্রিক ভেহিক্যাল ব্যবহারের সুবিধা, সহজ অর্থায়ন, ব্যয় সাশ্রয়, পরিবেশগত সুবিধা এবং চার্জিং অবকাঠামো সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরা হবে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকবে।

স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর পক্ষে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাভেদ তারেক খান, এসইভিপি ও হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন; মোহাম্মদ রাশাদুল আনোয়ার, ভিপি, কো-অর্ডিনেটর অব আরডিডি ও হেড অব পাবলিক রিলেশন্স ডিভিশন;  শাহেদ মাহমুদ রেজা, ভিপি ও হেড অব ইউনিট-০৪, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন; এবং মোহাম্মদ আসিফ হোসেন, এফএভিপি ও রিলেশনশিপ ম্যানেজার, ইউনিট-০৪, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন।

আকিজ ভেঞ্চার গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন অমিত সাহা, এজিএম, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড; রাকিবুল আহসান, সিনিয়র ম্যানেজার, ব্র্যান্ড, আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড; তাশফিন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্র্যান্ড, আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড; এবং মো. ইউসুফ সাজিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অপারেশনস, আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185293