জয়পুরহাটে ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের প্রত্নতাত্ত্বিক বেলেপাথর উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে চোরাকারবারিদের হাত থেকে ৮ম থেকে ৯ম শতকের একটি প্রাচীন ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক বেলেপাথর উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন এলাকাবাসী। উদ্ধার হওয়া বেলেপাথরের তৈরি পিলারের অংশবিশেষটির ওজন প্রায় ৩২০ দকেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা বলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাথমিক যাচাইয়ে জানা গেছে।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জয়পুরহাট ২০ বিজিবি’র ধারাবাহিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও কষ্টিপাথর উদ্ধার অভিযানের অংশ হিসেবে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে একটি প্রাচীন বস্তু হস্তান্তরের বিষয়টি বিজিবিকে জানানো হয়। খবর পেয়ে বিজিবি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ২০ বিজিবি’র একটি বিশেষ টহল দল পূর্বনির্ধারিত স্থানে গিয়ে বেলেপাথরটি নিজেদের জিম্মায় গ্রহণ করে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র প্রত্নবস্তুটি পাচারের উদ্দেশ্যে স্থানীয় একটি খেলার মাঠের পাশের পুকুরের পানিতে লুকিয়ে রেখেছিল। বিষয়টি পরবর্তীসময়ে নিয়ামতপুর থানা পুলিশ এবং নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হয়।
বিজিবি’র কাছে বেলেপাথরটি হস্তান্তরের সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং শিলাখণ্ডটির প্রাথমিক সমীক্ষা ও যাচাই সম্পন্ন করেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ পাথরটি বিশদ পরীক্ষা-নিরীক্ষা করে এটি ৮ম-৯ম শতকে ব্যবহৃত বেলেপাথরের পিলারের অংশবিশেষ বলে নিশ্চিত করেন এবং এর একটি সনদ প্রদান করেন।
উদ্ধার করা এই মূল্যবান প্রত্নবস্তুটি বর্তমানে সংরক্ষণের জন্য নওগাঁর বদলগাছীতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি’র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185285