সব পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ঢাকা জেলার সব পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার ও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা আক্তার।
তিনি বলেন, পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমাদের অগ্রাধিকার। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের সার্বক্ষণিক নজরদারি করতে হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার পুলিশ সুপারের কার্যালয়ে হিন্দু ধর্মীয় নেতা এবং জেলার সব থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।
সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের অন্যতম বড় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তিনি প্রতিটি পূজামণ্ডপে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সক্রিয়ভাবে দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। মণ্ডপের আশপাশের পরিবেশ, প্রবেশ ও বের হওয়ার পথ, পার্কিং ব্যবস্থা এবং জনসমাগমের বিষয়েও বিশেষ নজর দেওয়ার কথা বলেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, পূজামণ্ডপে নারী, শিশু ও বয়স্কদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। কোনো ধরনের গুজব, উসকানি বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে দ্রুত তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সভায় জেলার সব থানার অফিসার ইনচার্জদের নিজ নিজ এলাকার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
এ সময় হিন্দু ধর্মীয় নেতারা পূজামণ্ডপের নিরাপত্তা, যানবাহন ও দর্শনার্থীদের চলাচল, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185268