চারদিনের মধ্যে রিটার্ন দাখিলে কর সুবিধা সর্বোচ্চ ২৫ হাজার
চলতি অর্থবছরে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের ঘোষণা অনুযায়ী, সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে শর্তসাপেক্ষে নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবেন করদাতারা। সে হিসাবে রিটার্ন দাখিলের জন্য হাতে রয়েছে আর মাত্র চারদিন।
এনবিআর সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতারা বছরের প্রথম প্রান্তিকে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে মোট প্রদেয় করের ওপর ৫ শতাংশ হারে রিবেট বা প্রণোদনা পাওয়ার যোগ্য হবেন।
এই প্রণোদনা করদাতাকে সরাসরি আর্থিক সুবিধা প্রদান করবে, অর্থাৎ করদাতাকে তার প্রকৃত কর থেকে কিছুটা কম পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে।
প্রণোদনার শর্ত ও সীমার বিষয়ে এনবিআর কিছু সুনির্দিষ্ট নীতিমালা করেছে। যার মধ্যে রয়েছে- নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলকারী ব্যক্তিশ্রেণির করদাতারা তাদের নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা পাবেন। এই প্রণোদনার আওতায় একজন করদাতা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় সুবিধা গ্রহণ করতে পারবেন। যারা শুধু চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলেই এই প্রণোদনা কার্যকর হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185209