মিরসরাইয়ে বয়লার বিস্ফোরণে কেমিক্যাল কারখানায় আগুন
চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্পনগরীতে বয়লার বিস্ফোরণের পর একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস এলাকায় নাছির কেমিক্যাল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এদিকে, অগ্নিকাণ্ডের পর কারখানা কর্তৃপক্ষের কর্মকর্তাদের ঘটনাস্থলে দেখা যায়নি। ফলে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ বিকট শব্দ শোনা যায়।
এর পরপরই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানার ভেতরে কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার পর কারখানার শ্রমিকরা দ্রুত সরে যান বলে জানা গেছে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা হ্লা মারমা বলেন, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185207