রূপপুর ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা ছুটির দিনে উপচেপড়া ভিড়

রূপপুর ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা ছুটির দিনে উপচেপড়া ভিড়

শাহীন রহমান, পাবনা: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে পাকশীতে নতুন পর্যটন সম্ভাবনার দুয়ার খুলেছে। ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু, পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং অত্যাধুনিক প্রযুক্তির এই মেগা প্রকল্পের সমন্বয়ে অপার সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। ছুটির দিনগুলোতে পরিবার নিয়ে সময় কাটাতে সেখানে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা। তবে পর্যটন অবকাঠামোর অভাবসহ রয়েছে নানা সমস্যা।

পাবনায় ঘুরে বেড়ানোর মতো উল্লেখযোগ্য তেমন জায়গা নেই। কিন্তু ঈশ্বরদী উপজেলার পাকশীতে সময় কাটাতে যান বেশিরভাগ মানুষ। দেশের বিভিন্ন জায়গা থেকেও দর্শনার্থীরা আসেন এখানে। পদ্মা নদী, জোড়া সেতু, আর তার পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মনোমুগ্ধকর দৃশ্য। আর হার্ডিঞ্জ ব্রিজের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে প্রায় প্রতিদিনই এখানে ভিড় করেন ভ্রমণ পিপাসু আর দর্শনার্থীরা। 
গতকাল শুক্রবার বিকেলে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে গিয়ে দেখা যায়, হাজারো দর্শনার্থী ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউবা বন্ধু-বান্ধব নিয়ে। বন্ধুদের নিয়ে বেড়াতে আসা শাকিল হোসেন বলেন, ছুটির দিনে আমরা এখানে আসি বেড়াতে, ছবি তুলি, খুব ভালো লাগে। ঢাকা থেকে অফিসের কাজে এসে পাকশী ঘুরে দেখতে বের হয়েছেন সরকারি চাকুরীজীবি আশিক হাসান। তিনি বলেন, অফিসিয়াল কাজে ঈশ্বরদীতে এসেছি। ছুটির দিন হওয়ায় ঘুরতে বেরিয়েছি। পাকশীর কথা শুনে এসে দেখলাম বেশ ভালো পরিবেশ ও সুন্দর জায়গা। পর্যটন কেন্দ্র হলে ভালো হবে।

তবে এখানে রয়েছে বেশকিছু সমস্যা। দর্শনার্থীরা জানান, হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদীর কাছে নামার সড়কটি বেহাল। পাবলিক টয়লেট, বিশ্রামাগার ও নিরাপত্তার অভাব রয়েছে। কলেজের প্রভাষক আরিফ আহমেদ বলেন, এই জায়গাটি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সরকার যদি এটা নিয়ে পরিকল্পনা করেন পর্যটন কেন্দ্র গড়ে তোলেন তাহলে সাধারণ মানুষ একটু বেড়ানোর পরিবেশ পেতো। সেইসাথে এখান থেকে সরকারও ভালো রাজস্ব আয় করতে পারে।

এ বিষয়ে পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, একটি পর্যটন কেন্দ্র করতে যে বাজেট দরকার, তা স্থানীয় প্রশাসনের পক্ষে করা সম্ভব নয়। এজন্য পাবনাবাসীর যদি জোড়ালো দাবি ওঠে, তাহলে আমরা পর্যটন মন্ত্রণালয়কে জানিয়ে তাদের মাধ্যমে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185204