রংপুরে প্রতারক চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

রংপুরে প্রতারক চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

রংপুর জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা চক্রের দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গোবিন্দগঞ্জ থানার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের মো. আইদুল হোসেনের ছেলে মো. সোহেল মন্ডল(২৭) এবং মো. হাসেম আলীর ছেলে মো. হেলাল ইসলাম(২২)। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসআরবি-১৩ উপ-অধিনায়ক(ভারপ্রাপ্ত) মেজর কাওছার বাধন বলেন, গত ২০ জুলাই দুপুরে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মো. আমিনুল ইসলামকে ব্যক্তিগত মোবাইল ফোনে একটি কলের মাধ্যমে জানানো হয় যে, তার ছোট ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছে। এসময় ছেলেকে ছাড়াতে টাকা দাবি করে তারা।

পরবর্তীতে, তাদের চাহিদা মোতাবেক আমিনুল ইসলাম দুইবারে ৪০ হাজার টাকা প্রদান করে। এরপর তিনি ছেলের সাথে সরাসরি যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এই ঘটনায় আমিনুল ইসলাম বাদি হয়ে গতকাল শুক্রবার নাটোর সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।

সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধার আভিযানিক দল গোবিন্দগঞ্জ থানার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে এই চক্রের মূলহোতা মো. সোহেল মন্ডল এবং মো. হেলাল ইসলামকে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯ টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট এবং ১৪ হাজার ১শ’ টাকা জব্দ করা হয়।

এসআরবি-১৩’র সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রতারণার সাথে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185183