রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৫৬
রংপুর প্রতিনিধি: রংপুর রেঞ্জের আওতাধীন আট জেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িতসহ মোট ১৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ইয়াবা, ট্যাপেন্টাডল, ইস্কাফ, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও ৪০ হাজার ৫শ’ টাকাসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। পৃথক অভিযানে দুই অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে, ঠাকুরগাঁওয়ে ৪ জন, নীলফামারীতে ১৬ জন, কুড়িগ্রামে ৩৫ জন, লালমনিরহাটে ৯ জন, পঞ্চগড়ে ১৮ জন, রংপুরে ২৩ জন, দিনাজপুরে ২৭ জন এবং গাইবান্ধায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
কুড়িগ্রামে সবচেয়ে বেশি ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে উদ্ধার করা হযেছে ইয়াবা, ট্যাপেন্টাডল ও ইস্কাফ। ঠাকুরগাঁওয়ে চারজনকে গ্রেফতারের পাশাপাশি ট্যাপেন্টাডল, চোলাইমদ, দুটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করা হয়েছে।
লালমনিরহাটে নয়জনকে গ্রেফতারের পাশাপাশি গাঁজা ও ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। পঞ্চগড়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গোয়েন্দা পুলিশ অনলাইন জুয়ার মুল হোতাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। রংপুর জেলায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে ইয়াবা উদ্ধার করা হয়। বিভিন্ন থানায় ওয়ারেন্টসহ অন্যান্য মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। দিনাজপুরে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার করা হয়। গাইবান্ধায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185182