আত্মনির্ভরশীল হতে সরকারি সহায়তার পাশাপাশি উদ্যোগী হতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

আত্মনির্ভরশীল হতে সরকারি সহায়তার পাশাপাশি উদ্যোগী হতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, একটু উদ্যোগ ও একটু চেষ্টা মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে। আত্মনির্ভরশীল হওয়ার জন্য সরকারি সহায়তার পাশাপাশি নিজেদেরও উদ্যোগী হতে হবে।

এভাবেই ব্যক্তি, পরিবার ও সমাজ পর্যায় থেকে দেশে স্বনির্ভরতা গড়ে উঠবে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন সহায়তা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এলসিএস কর্মীদের মধ্যে সঞ্চয়ের অর্থের পে-অর্ডার হস্তান্তর করা হয়। এছাড়া উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের অংশগ্রহণকারী শিশুদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন, স্বাস্থ্যসামগ্রী, স্কুলসামগ্রী এবং এসি/ডিসি বাল্ব বিতরণ করা হয়।

প্রকল্পটি লাইফ ওয়েল ফাউন্ডেশনের পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের মধ্যে ঢেউটিন এবং গৃহ নির্মাণের অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম রিয়েল প্রধানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি এবং উপকারভোগীরা।

অনুষ্ঠানটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বোদা; উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185180