দিনাজপুরের পার্বতীপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত ৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: অ্যানথ্রাক্সে আক্রান্ত একই পরিবারের ৩জন দিনাজপুরের পার্বতীপুরে সিএমএইচ-এ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তারা হলেন, রংপুরের পীরগাছা উপজেলার পাওটানাহাটের আদমপাড়া এলাকার আব্দুল মান্নান ও তার স্ত্রী স্বপ্না বেগম এবং ছেলে সৈনিক সুমন মিয়া (২৯)।
জানা যায়, হাত ও আঙুলে ক্ষত নিয়ে গত ২ সেপ্টেম্বর পার্বতীপুর উপজেলার খোলাহাটি ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ/বিইউএসএমএস) ভর্তি হন। পরদিন দায়িত্বপ্রাপ্ত মেডিসিন বিশেষজ্ঞ তাদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে কিউটেনিয়াস অ্যানথ্রাক্সের সম্ভাবনা শনাক্ত করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ জেলা ও ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়।
একই সাথে ঘটনাটি আইইডিসিআরের নজরে আনা হয়। তবে চিকিৎসা শেষে বর্তমানে তিনজনই সুস্থ ও স্থিতিশীল রয়েছেন। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আরএমও ডা: হারুনুজ্জামান পাভেল জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর আইইডিসিআর থেকে ছয় সদস্যের টিম এসে পরীক্ষা নিরীক্ষা পর অ্যানথ্রাক্সের উপস্থিতি পান এবং সেভাবে চিকিৎসা দেন।
১৬ দিন চিকিৎসার পর তিনজনেই সুস্থ ও স্থিতিশীল আছেন এবং হাসপাতাল থেকে বাসায় যান। তিনি আরো বলেন, পার্বতীপুরে কোথাও কেউ অ্যানথ্রাক্সে আক্রান্ত হননি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185170