গাইবান্ধার ফুলছড়ির বালাসীঘাটে ড্রেজার আটক, ২ লাখ টাকা জরিমানা
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার ও নৌকার মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালাসীঘাটের অদূরে কঞ্চিপাড়া ইউনিয়নের খোলাবাড়ী গ্রামের উজান এলাকায় দীর্ঘদিন ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর তীরের কাছাকাছি এলাকা থেকে বালু তোলার কারণে আশপাশে ভাঙন তীব্র হচ্ছে বলে তাদের দাবি। এতে বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা ঝুঁকির মধ্যে পড়েছে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, বালাসীঘাটের অদূরে নদী থেকে বালু উত্তোলনের ঘটনায় একটি ড্রেজার ও একটি নৌকা আটক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাবিলপুর গ্রামের ড্রেজার মালিক মিলন মিয়া ও স্থানীয় সৈয়দপুর এলাকার নৌকার মালিক হেলোয়ার হোসেনকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185157