ফিরছে কি ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’? যা বললেন নির্মাতা-প্রযোজক
বিনোদন ডেস্কঃ দর্শকপ্রিয় চরিত্র অ্যালেন স্বপনকে ঘিরে নির্মিত ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় কিস্তি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। নতুন মৌসুমের বিষয়ে নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, এখনই কিছু বলার সময় আসেনি। চরকির সিইও রেদওয়ান রনিও জানিয়েছেন, সিরিজটি নিয়ে চিত্রনাট্যের কাজ চলছে। সবকিছু চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। নতুন কিস্তি হলে চরকিতেই মুক্তি পাবে বলে জানা গেছে। শুটিং ও মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সংলাপ ও নিখুঁত অভিনয়ের মাধ্যমে ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ২০২২ সালে চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’এ প্রথম দেখা যায় চরিত্রটিকে। পরে দর্শকদের আগ্রহে অ্যালেন স্বপনকে কেন্দ্র করে নির্মিত হয় স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।
প্রথম দুই কিস্তির সাফল্যের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, আসছে সিরিজটির তৃতীয় কিস্তি। দীর্ঘ অপেক্ষার পর এমন খবরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। তবে সত্যিই কি ফিরছে অ্যালেন স্বপন?
বিষয়টি নিয়ে কাছে মুখ খুলেছেন নির্মাতা শিহাব শাহীন। তিনি বলেন, ‘এখনো কিছু বলার সময় আসেনি। সময় এলে জানাব। আমরা এখনো স্পষ্ট করে কিছু বলতে পারছি না। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
তবে নতুন কিস্তি নির্মিত হলে সেটি চরকি প্ল্যাটফর্মেই মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রযোজক রেদওয়ান রনিও তৃতীয় কিস্তি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ চলছে। শিহাব শাহীন ও চরকির ক্রিয়েটিভ টিম চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে না।
২০২৩ সালের ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পায় শিহাব শাহীন পরিচালিত ও রেদওয়ান রনি প্রযোজিত ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। দ্বিতীয় মৌসুম মুক্তি পায় গত বছরের ৩০ মার্চ। সিরিজটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারে শ্রেষ্ঠ ওয়েব ধারাবাহিকের স্বীকৃতিও পেয়েছে।
জানা গেছে, তৃতীয় মৌসুমে নামভূমিকায় নাসির উদ্দিন খানই থাকছেন। পাশাপাশি রাফিয়াথ রশিদ মিথিলা, সুমন আনোয়ারসহ আগের দুই মৌসুমের বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে নতুন মুখও যুক্ত হতে পারেন।
তবে শুটিং বা মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ফলে আনুষ্ঠানিক ঘোষণার জন্যই আপাতত অপেক্ষা করতে হবে দর্শকদের।