হাসপাতালে ভর্তি তাসনুভা তিশার মা, দোয়া চাইলেন অভিনেত্রী
বিনোদন ডেস্কঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার মা। চার দিন আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
মায়ের অসুস্থতায় উদ্বিগ্ন তাসনুভা তিশা। মায়ের দ্রুত সুস্থতার জন্য ভক্ত-অনুরাগীসহ সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মায়ের অসুস্থতার খবর জানান তিশা। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের একটি ছবি প্রকাশ করে দেওয়া পোস্টে তিনি জানান, চার দিন আগে তাঁর মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
মায়ের অসুস্থতাকে পরিবারের জন্য কঠিন সময় হিসেবে উল্লেখ করে তিশা সবার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করার আহ্বান জানান।
পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে অভিনেত্রী বলেন, সবাই যেন তাঁর মায়ের জন্য প্রার্থনা করেন, যাতে আল্লাহ তাঁকে ‘শেফা-ই-কামেলা’ দান করেন, শক্তি দেন এবং হৃদযন্ত্র হেফাজত করেন। একই সঙ্গে দ্রুত ও সম্পূর্ণ সুস্থ হয়ে মাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যও প্রার্থনা করেন তিনি।
তিশার এই আবেগঘন পোস্টের পর থেকেই উদ্বেগ প্রকাশ করছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের ঘরে অনেকে অভিনেত্রীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
পরিবারের এই কঠিন সময়ে তাসনুভা তিশার পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তাঁর ভক্তরা। মায়ের সুস্থতার জন্য তাঁদের প্রার্থনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অনেকে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185112