ইরানে নতুন হামলার ছক কষছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও মার্কিন বিমান হামলা শুরু হতে পারে বলে তিনি মনে করছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
এছাড়া ওয়াশিংটন পোস্ট বলছে, একই রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির একটি মানচিত্রও প্রকাশ করেছেন ট্রাম্প, যেখানে প্রণালিটিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামে চিহ্নিত করা হয়েছে। প্রস্তাবিত সাত দিনের যুদ্ধবিরতির আওতায় ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া এবং নিজেদের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার বিষয়ে আবার আলোচনা শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিল। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ তুলে নিতে হতো।
তবে ট্রাম্প ইরানের এই প্রস্তাব নিয়ে সন্দিহান এবং তার শর্তে তেহরান রাজি হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, নভেম্বরের নির্বাচনের পর মার্কিন সামরিক বাহিনীর ইরানে আবার বিমান হামলা শুরু করার সম্ভাবনা অনেক বেশি বলে ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন। শুক্রবার রাতে ট্রুথ সোশ্যালে পারস্য উপসাগরীয় অঞ্চলের একটি মানচিত্র প্রকাশ করেন ট্রাম্প। সেখানে হরমুজ প্রণালি ঘিরে সেটিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি আলোচনা থেমে গেলে দেশটিকে ‘নিশ্চিহ্ন’ করার সিদ্ধান্ত নিতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, রোববার কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের সময় ইরান সাত দিনের যুদ্ধবিরতির সম্ভাবনার কথা জানিয়েছিল। নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাংবাদিকদের বলেন, সাত দিনের ওই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে দেয়া হয়েছে। নৌ অবরোধ তুলে নেয়ার পাশাপাশি ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করা এবং তাদের কিছু সম্পদ জব্দাবস্থা থেকে মুক্ত করার দাবিও জানিয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘কঠোর নিষেধাজ্ঞা এবং ইতিহাসের অন্যতম সফল অবরোধ’ ইরানের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে এবং অর্থহীন অবস্থায় ফেলেছে দেশটিকে। ওই কর্মকর্তা বলেন, ইরান সরকারের কাছে প্রতারিত হওয়ার বদলে ‘অনিবার্য ইরানি পতন’ ঘটতে দেওয়ায় ট্রাম্পের কাছে শ্রেয়। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা ইরানকে জানিয়ে দিয়েছেন যে ট্রাম্পের নৌ অবরোধ তুলে নেয়ার কোনো ইচ্ছা নেই।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185099