মেঘনায় ট্রলারডুবি : তিনজনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবি : তিনজনের মরদেহ উদ্ধার

মফস্বল ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চারজনের মধ্যে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

নিহতরা হলেন–সজিব, সামিয়া ও শিশু সামিন। তবে তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজের দুই দিন পর আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে সামিয়ার মরদেহ এবং ৮টার সময় একই স্থানে সজিব ও সামিনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হেলাল উদ্দিনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের হাড়িয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে গরু-ছাগলসহ ১৩ জন যাত্রী বৈদ্যার বাজারের উদ্দেশে রওনা হন। পথে মেঘনা নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় আটজন তীরে উঠতে সক্ষম হন।

পরে রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই পরিবারের হেলাল উদ্দিন, তার ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিন নিখোঁজ ছিলেন।

দুই দিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নদীতে উদ্ধার অভিযান চালানোর পর আজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন। তার মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশের অভিযান চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185090