ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় পাইলট আটক

ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় পাইলট আটক

আন্তর্জাতিক ডেস্ক: জুরিখ থেকে দিল্লিগামী একটি ফ্লাইট পরিচালনার ঠিক আগে মদ্যপ অবস্থায় থাকায় এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর ফলে ৬ সেপ্টেম্বরের জুরিখ-দিল্লি ফ্লাইটটির সিডিউল পরিবর্তন করতে বাধ্য হয় বিমান কর্তৃপক্ষ।

সুইজারল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনকে (ডিজিসিএ) অবহিত করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার ক্রুদের মদ্যপান ও মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ার একাধিক ঘটনা ঘটায় নিয়ন্ত্রক সংস্থা বিমান সংস্থাটিকে অভ্যন্তরীণ নজরদারি ও পরীক্ষা ব্যবস্থা আরও কঠোর করার নির্দেশ দিয়েছে।

এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে, জুরিখ বিমানবন্দরে প্রাথমিক ব্রেথ অ্যানালাইজার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গেই ওই ককপিট ক্রুকে ফ্লাইট পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসা পরীক্ষার জন্য তাকে পাঠানোর পর সাধারণ যাত্রী হিসেবে ভারতে ফেরত পাঠানো হয়। চূড়ান্ত মেডিকেল প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাইলটটি সাময়িক বরখাস্ত থাকবেন এবং তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ায় পাইলটদের দায়িত্ব পালনের সময় মদ্যপান বা মাদক সেবনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে ভারতগামী একটি ফ্লাইট পরিচালনার পূর্বে মদের গন্ধ পাওয়ায় এক পাইলটকে আটক করা হয়েছিল। এছাড়া সম্প্রতি মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ায় আরেক পাইলটকে চাকরিচ্যুত করেছিল সংস্থাটি। গত বছরের জুনে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনার পর থেকেই পাইলটদের নিরাপত্তা বিধি ও পেশাগত আচরণের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185083