৩ গোলে হেরেও হতাশ নন ডুলি, ‘আমরা এখানে শিখতে এসেছি’

৩ গোলে হেরেও হতাশ নন ডুলি, ‘আমরা এখানে শিখতে এসেছি’

স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপ নিয়ে বাংলাদেশের অনেক প্রত্যাশা ছিল। হামজা-জামালদের শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি। জাকার্তায় আজ বাংলাদেশ ০-৩ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছে।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ থমাস ডুলি বলেন, ‘দুই দলের মধ্যে পার্থক্য স্পষ্ট। এজন্য আমরা ১৮০ র‌্যাঙ্কিংয়ে আর তারা উপরে।’ বড় ব্যবধানে হারের পরও পুরো দলকে নিয়ে হতাশ নন ডুলি, ‘সব মিলিয়ে আমি ম্যাচটি নিয়ে মোটামুটি সন্তুষ্ট। আমরা এখানে শিখতে এসেছি।’

বাংলাদেশের ডিফেন্ডারের ভুলে দুটি গোল হজম করেছে। এরপরও কোচ ডুলি তাদের সমালোচনা করতে চান না, ‘তাদের পারফরম্যান্স খারাপ হলেও তারা তাদের পর্যায়ে চেষ্টা করেছে।’ হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের প্রাণ। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তিনি রসিকতা করে বলেন, ‘ডিফেন্সে একজন হামজা, ফরোয়ার্ড একজন হামজা, মিডফিল্ডে একজন হামজা হলে ভালো হতো।’ 

বাংলাদেশে থাকতে, এমনকি জাকার্তায় গিয়েও অনেক কথাই বলেছিলেন ডুলি। তবে মালয়েশিয়ার বিপক্ষে হেরে খানিকটা বাস্তবতায় ফিরলেন বাংলাদেশের কোচ, ‘আমাদের চেষ্টা ছিল ম্যাচটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রিত রাখা এবং তাদের বেশি সুযোগ না দেওয়া। তারা কিছু সুযোগ তৈরি করেছে, কিন্তু তাদের আক্রমণভাগের খেলোয়াড়দের মান আপনি দেখতে পেয়েছেন। এটা সত্যিই ভিন্ন একটা স্তর।’

প্রায় তিন সপ্তাহ অনুশীলন করার পরও ফিটনেস নিয়ে দুর্বলতা স্বীকার করেছেন কোচ, ‘শেষ দিকে দেখা গেছে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়েছে। তাদের পেশিতে টান ধরছিল এবং তারা আরও বেশি ভুল করছিল। আর ফুটবলে এটাই বাস্তবতা। আজকের ম্যাচে তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা পরিষ্কার দেখা গেছে।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185080