ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে প্রায় ২০ শিক্ষার্থী অসুস্থ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এবার মিড ডে মিলের ডিম খেয়ে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার পলাশবাড়ী এলাকার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ডিম খাওয়ার পর তাদের শরীরে ফুসকুড়ি ও চুলকানি দেখা দেয়। পরে তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. রফিকুল হক বলেন, ডিম খাওয়ার পর হঠাৎ করে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীর শরীরে ফুসকুড়ি ও চুলকানি দেখা দেয়। খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ নেন।
এর আগে গত সোমবার বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর-১, মধ্য গোয়ালকারী ও তুলশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে তাদের পেটে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. রফিকুল হক বলেন, গত সোমবার তিনটি বিদ্যালয়ের ৩৪ জন এবং গতকাল বৃহস্পতিবার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ জানা যাবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185074