হাসপাতালে ‘অস্বাস্থ্যকর’ পরিবেশ, সংস্কারকাজ ফেলে ঠিকাদার উধাও
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। হাসপাতালের সংস্কারকাজ মাঝপথে ফেলে ঠিকাদার উধাও হয়ে যাওয়ায় পুরোপুরি ভেঙে পড়েছে পয়োনিষ্কাশন ব্যবস্থা।
আউটলেট ট্যাঙ্কির ভাঙা অংশ থেকে উপচে পড়া মল-মূত্রের গন্ধে হাসপাতালের বহির্বিভাগের চারপাশে সেবা নিতে আসা মানুষের দাঁড়িয়ে থাকাও কষ্টের। এ সমস্যা সমাধানে হাসপাতালের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া হলেও মিলছে না কোনো প্রতিকার।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সংস্কারকাজের দায়িত্ব পান দেলোয়ার হোসেন নামে এক ঠিকাদার। কিন্তু অভিযোগ রয়েছে কাজ পুরোপুরি শেষ না করেই উধাও হয়ে গেছেন তিনি। ফলে নষ্ট হওয়া টয়লেটের পয়োনিষ্কাশন ব্যবস্থা আর ঠিক করা হয়নি। বর্তমানে আউটলেট ট্যাঙ্কির ভাঙা অংশ দিয়ে মল-মূত্র বাইরে ছড়িয়ে পড়ে চারদিকে এক অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেছে।
ভুক্তভোগীরা জানান, দূর-দূরান্ত থেকে নানা বয়সের মানুষ সুস্থতার আশায় ছুটে আসেন এই হাসপাতালে। অথচ বহির্বিভাগের সামনে পা রাখতেই নাকে রুমাল চাপা দিতে বাধ্য হতে হয়। টিকিট কাটা থেকে শুরু করে চিকিৎসকের কক্ষের সামনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা—প্রতিটি মুহূর্তেই তাদের পোহাতে হচ্ছে এই অস্বাস্থ্যকর পরিবেশ। এতে হাসপাতালের পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।
চিকিৎসা নিতে আসা রোগী মোস্তফা কামাল বলেন, অসুস্থ শরীর নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা এমনিতেই কষ্টকর, তার ওপর এই পচা গন্ধের কারণে এখানে এক মুহূর্তও টিকতে পারছি না। কাজের এমন গাফিলতির বিষয়ে জানতে ঠিকাদার দেলোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. রাশিদ নায়ীব সিজান বলেন, ঠিকাদারের এ ধরণের অসমাপ্ত কাজ চিকিৎসাসেবা ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুজ্জামান বলেন, রোগী ও স্বজনদের সীমাহীন দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে জরুরি ভিত্তিতে এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একাধিকবার লিখিত অনুরোধ জানিয়েছি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185069