বগুড়ার দুপচাঁচিয়া হাটখোলা কালী, রাস ও শিব মন্দির চত্ত্বরে জলাবদ্ধতা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া পৌরসভার পূর্বপাড়ার হাটখোলা কালী, রাস ও শিব মন্দির চত্ত্বরের সামনের সড়কে পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।
দুপচাঁচিয়া পৌরসভার গুরুত্বপূর্ণ একটি এলাকা ৭নং ওয়ার্ডের পূর্বপাড়া। এই ওয়ার্ডেই কাঁচা বাজার, উপজেলা পোস্ট অফিস, ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই পূর্ব পাড়াতেই হাটখোলা কালী, রাস ও শিব মন্দিরসহ ৩টি মন্দিরে আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
যাতায়াতের একমাত্র এই সড়কের হাটখোলা কালী, রাস ও শিব মন্দির চত্ত্বরের সামনে পানি ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ এ সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং এর পাথর উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে।
ফলে সামান্য বৃষ্টি হলেই এই মন্দিরের সামনে হাটু পানি জমে যায়। গর্তে পানি জমে যানবাহনসহ পথচারীদের চলাচলের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। হাটখোলা কালী, রাস ও শিব মন্দির কমিটির সভাপতি বিকাশ বসাক ও সাধারণ সম্পাদক জনি বসাক জানান, আর কয়েকদিন পরই হাটখোলা কালী, রাস ও শিব মন্দির, পূর্বপাড়ার কালীতলা ও লক্ষীতলাসহ আরো দুটি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পূজার পূর্বেই সড়কটি সংষ্কার করা জরুরী। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান জানান, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু জরুরী দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছে। তিনি এলেই সড়কটি সরজমিন পরিদর্শন করে আসন্ন শারদীয় দুর্গাপূজার পূর্বেই সংষ্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185032