মিয়ানমারে পাচারের সময় ৪ ট্রাক ইউরিয়া সার জব্দ, আটক ৩
চট্টগ্রামের মীরসরাইয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় চার ট্রাকভর্তি ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোটসহ তিনজনকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত একটার দিকে কোস্ট গার্ড স্টেশন মীরসরাই চট্টগ্রামের মীরসরাই থানাধীন ইছাখালী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তর করা হচ্ছিল।
এ সময় আনুমানিক ৩৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৯৬০ বস্তা (৪৮ হাজার কেজি) ইউরিয়া সার, পাচারকাজে ব্যবহৃত ৪টি ট্রাক ও ১টি ফিশিং বোটসহ ৩ পাচারকারীকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সার, ট্রাক, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185012