ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস, আহত ১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস, আহত ১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি স্লিপার বাস। ওই বাসটিতে অন্তত ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনার পর সড়কে আড়াআড়িভাবে বাসটি পড়ে থাকার কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি প্রেমদাস রায়। এর আগে এদিন ভোরে মহাসড়কের দাউদকান্দির উপজেলার ভেকিনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সারে ৫টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলা ভেকিনগর নামক ঢাকাগামী লেনে দ্রুত গতির রয়েল পরিবহনের একটি স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়িটি মহাসড়কের মাঝখানে আড়াআড়িভাবে পড়ে থাকে। গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ১৫ আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতাল চিকিৎসা নেয়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি প্রেমদাস রায় বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়কের মাঝপথে উল্টে গিয়েছিল। এতে অন্তত ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের তেমন বড় কোনো ক্ষতি হয়নি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরে গাড়িটি উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184965